ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা, উলুবেড়িয়া : আজ, ২৬ শে জানুয়ারি, ভারতবর্ষের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস দিনটি সারা দেশে পাশাপাশি সারা রাজ্য জুড়ে রাষ্ট্রীয় মর্যাদার সহিত পালিত হচ্ছে।
গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জাতীয় দিনটি উৎযাপিত করা হচ্ছে। এদিন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের রুইদাস পাড়ায় মহিলা সমিতির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালিত হলো। রুইদাস পাড়ার এই মহিলা সমিতি এলাকার নানান উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। আর তাদের সামাজিক ও সমাজ কল্যাণমূলক কাজে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামীণ হাওড়ার বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও।
আর এদিনের এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উপস্থিত মহিলা সমিতির সদস্যরা ও উপস্থিত এলাকার বাসিন্দারা একে একে শহীদ বেদীতে মাল্যদান করেন।
এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ডেভিড রাও ওনার বক্তব্যে বলেন, আমি এই এলাকার সকল বাসিন্দা ও এই এলাকার মহিলা সমিতির সকল সদস্যকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এলাকার ছোটোদের আমার ভালোবাসা ও স্নেহ জানাই। তিনি বলেন, এই এলাকায় এই মহিলা সমিতির সদস্যরা প্রত্যেক বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করছে। এছাড়াও এই সমিতির সদস্যরা স্বাধীনতা দিবস, নেতাজীর জন্মবার্ষিকী ও বিভিন্ন অনুষ্ঠান যেভাবে পালন করেন তার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তিনি বলেন, দেশপ্রেমই হলো সবথেকে বড়ো প্রেম। কারণ আমরা আমাদের পরিবারের সদস্যদের যেভাবে ভালোবেসে এক করে রাখি। ঠিক সেভাবেই দেশ ও দেশবাসীকে ভালোবাসা ও পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে আমরা এক করে রাখতে পারবো। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা অনেক লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেন। আর এই স্বাধীন দেশকে একটি শক্তিশালী ও সুগঠিত করে গড়ে তুলতে সাহায্য করেছে আমাদের দেশের সংবিধান। আর সেই সংবিধানের রচয়িতা হলেন ডঃ বি আর আম্বেদকর। তাই আমাদের প্রত্যেককে আমাদের দেশের সংবিধানকে সম্মান জানাতে হবে।