BREAKING

Thursday, 26 May 2022

বিকালের ঝড় বৃষ্টিতে একাধিক জায়গায় ভেঙ্গে পড়লো গাছ, এখনো অন্ধকারে ডুবে বহু এলাকা


ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া: গত কয়েকদিন রাজ্যের অন্যান্য জেলা গুলির সাথে পাল্লা দিয়ে গরম বারছিলো দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর সেই ভ্যাপসা গরমের হাত থেকে দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার সকালেই হাওয়া অফিসের পক্ষ থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই পূর্বাভাসকে সত্যি করেই বৃহস্পতিবার বিকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ঝড়, বৃষ্টি শুরু হয় হাওড়া জুড়ে।

এদিন হাওড়ার উলুবেড়িয়ায় বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি। পাশাপাশি শুরু হয় অধিক বজ্রপাত। আর তার জেরেই আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী। এদিকে এদিনের বিকালের এই ঝড়, বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ। বেশকিছু জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্যদিকে ঝড়, বৃষ্টির পর ৬ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো বহু জায়গায় আসেনি বিদ্যুৎ পরিষেবা।

জানা গেছে উলুবেড়িয়ার রঘুদেবপুর, বাসুদেবপুর, বানিবান সহ একাধিক জায়গায় এখনো আসেনি বিদ্যুৎ পরিষেবা। পাশাপাশি গ্রামীণ হাওড়ার পাঁচলার খয়জাপুর, বেলকুলাই, বেলডুবি, সাহাপুর সহ একাধিক গ্রাম ডুবে রয়েছে অন্ধকারে। আর তার জেরেই সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

এদিকে ঝড়, বৃষ্টির জেরে উলুবেড়িয়া পৌরসভার-৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাউড়িয়া জেটি ঘাট সংলগ্ন রাস্তার উপর ভেঙ্গে পড়ে একটি বড় গাছ। ফলে তার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ওই রাস্তায় যান চলাচল। যদিও পরে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল যাদবের নেতৃত্বে শুরু হয় গাছ কাটার কাজ। আর তার পরেই পুনরায় চালু হয় যান চলাচল। 

এদিকে ঝড়, বৃষ্টির পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনো বহু জায়গায় দেখা যায়নি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষদের মধ্যে। আর এবিষয়ে আমরা বুড়িখালী ও রানীহাটি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে বিদ্যুৎ পরিষেবা কখন স্বাভাবিক হবে তার কোন উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট ওই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।