রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: গতকাল সোমবার রাতে হঠাৎই পৌর নিগমের মেয়রের পদ থেকে পদত্যাগ করে বসেন দুর্গাপুর পৌর নিগমের মেয়র দিলীপ অগস্থি। আর এর পরেই দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছে বলে সূত্রের খবর। অন্য দিকে পৌরনিগমের মেয়রের পদত্যাগের পরেই দলের সমস্ত কাউন্সিলারদের নিয়ে এক বিশেষ বৈঠক করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
জানা গেছে মঙ্গলবার আসানসোলের পাঁচগাছিয়ায় অবস্থিত তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ বৈঠক। আর এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
আর এদিনের এই বৈঠক শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন, দুর্গাপুরের মেয়র পদ্যতাগ করার পর এই বৈঠক করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি পদত্যাগ করেছেন। আগামী ২১ শে ডিসেম্বর দুর্গাপুরের পরবর্তী নতুন মেয়র পদে শপথ গ্রহণ হবে। তবে সেই পদে কে মেয়র হচ্ছেন তা নিয়ে এদিন কিছুই বলেননি তিনি।