নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আমতা চন্দ্রপুর ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ হরিশপুর গ্রামে। জানা যায় দক্ষিণ পূর্ব রেল লাইনের আমতা স্টেশনের ঢিল ছোড়া দূরত্বে প্রায় তিনটি ব্যাগে ছিল এই তাজা বোমা গুলি। এদিন সকালে মাঠে কাজ করার সময় ব্যাগে ওই তাজা বোমা গুলি দেখতে পায় মাঠে কর্মরত কৃষকরা, এমনটাই খবর সূত্রের। আর এর পরেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর যায় আমতা থানা ও চন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌছায় চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা। পরে ওই ব্যাগ গুলি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এদিকে যে জায়গাতে বোমগুলি রাখা ছিল তা একটি মাঠের মধ্যে। সেই জায়গাটিকে ব্যারিকেড করে ঘিরে দেয় পুলিশ।
পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খবর দেয়া হয় সিআইডির বোম ডিস্পোজাল স্কোয়ার্ডকেও। পরে সোমবার সন্ধ্যা নাগাদ এলাকায় এসে পৌছায় বোম স্কোয়ার্ডের টিমও। এদিকে রাতেই ওই উদ্ধার হওয়া বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হবে বলে জানা যাচ্ছে। সেই কাজ শুরু হয়। কিন্তু সেক্ষেত্রে পর্যাপ্ত আলো না থাকলে তা আগামীকাল সূর্যের আলোয় করা হতে পারে বলে সুত্র মারফত্ জানা যাচ্ছে। তবে ওই বোমা গুলি কোথা থেকে ও কিভাবে ওই স্থানে এলো তাই এখন খতিয়ে দেখছে পুলিশ।