নিজস্ব প্রতিনিধি: আগামী বছরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটের আগে পাঁচলায় আইএসএফ ছেড়ে প্রায় ৪০ থেকে ৫০ জন আইএসএফ কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। জানা যায় সোমবার পাঁচলা বিধানসভার অন্তর্গত সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার দুপুরে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভা। মূলত সাহাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় এই কর্মীসভা। যে কর্মীসভায় উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিক। আর সেই কর্মীসভা থেকেই এদিন প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মী সমর্থক আইএসএফ ছেড়ে যোগদান করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে।
এদিন দল বদল করা ওই সমস্ত আইএসএফ কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয় পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই তাদের এই দল বদল বলে সূত্রের খবর। পাশাপাশি এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন, সাহাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর কুমার ঘোষ, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান শৈলেন খাঁ, সহ তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একাধিক জন প্রতিনিধিরা।