নিজস্ব প্রতিনিধি: এক কিশোরীর দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত পিরতলা পালোরা জমাদার পাড়ায়। জানা যায় এদিন সকালে ওই এলাকার একটি ডোবা থেকে উদ্ধার হয় মৃত কিশোরী তাসমিনের দেহ। এর পরেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় রাজাপুর থানার পুলিশ। তারাই ওই ডোবা থেকে মৃত কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহুকুমা হাসপাতালে। জানা যায় উদ্ধার হওয়া মৃত কিশোরীর বয়স আনুমানিক আট বছর। ইতিমধ্যে এঘটনার জেরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে মৃত কিশোরী তাসমিনের পরিবারের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জানা গেছে ওই কিশোরী সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো। বহু খোঁজ করেও তার কোন খোঁজ মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ডোবায় তার মৃতদেহ পরে থাকতে দেখেন তারা। পাশাপাশি পরিবারের দাবি তাদের মেয়েকে শেষবার দেখা গিয়েছিল এলাকার এক যুবকের সঙ্গে। এদিকে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ওই এলাকার বাসিন্দারাও। স্থানীয়দের দাবি এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অভিলম্বে শাস্তি দিক প্রশাসন। ইতিমধ্যে পালোর গ্রাম থেকে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।