BREAKING

Wednesday, 9 February 2022

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ ও সাইথিয়া পৌরসভা দখল করলো তৃণমূল কংগ্রেস

নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: আগামী ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে রাজ্যে তুঙ্গে রাজনীতি। আর সেই ১০৮ পৌরসভার নির্বাচনের জন্য আজ বুধবার ছিলো মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন।

আর এদিন সকাল থেকেই এই পৌরসভার ভোটের জন্য নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আজই শেষ হয়েছে মনোনয়ন পত্র জমা দেবার প্রক্রিয়া।

আর সেই প্রক্রিয়া শেষ হতেই জানা যাচ্ছে রাজ্যের দুই পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে বীরভূমের সাইথিয়া ও দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেস।

জানা যাচ্ছে বীরভূমের সাইথিয়া পৌরসভার মোট ওয়ার্ডের সংখ্যা ১৬ টি। আর এর মধ্যে ১৩ টি ওয়ার্ডের জন্য কোন প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। তবে ওই পৌরসভার ১, ৪ ও ১২ নম্বর ওয়ার্ডে নিজেদের প্রার্থী দিয়েছে বামেরা। আর বিরোধীরা প্রার্থী দিতে না পাড়াতেই সাইথিয়া পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল নিলো তৃণমূল কংগ্রেস।

অন্য দিকে দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২০ টি। আর তার মধ্যে ২০ টি ওয়ার্ডেই নিজেদের প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু ওই পৌরসভার ১৩ টি ওয়ার্ডের নির্বাচনের জন্য কোন প্রার্থী দিতে পারেনি বিরোধীরা।

ফলে দক্ষিণ ২৪ পরগনার এই পৌরসভাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের দখলে আনলো শাসক দল। এদিকে নির্বাচনের আগেই এই দুই পৌরসভা নিজেদের দখলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি শাসক শিবির।