BREAKING

Saturday, 15 January 2022

IND Vs SA 2021 -2022: দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জয় অধরা রইলো ভারতের


প্রদীপ কুমার সাঁতরা, অজানা বাংলা : এই টেস্ট ম্যাচে প্রোটিয়াদের জয়ের রাস্তাটা সহজই ছিল। ভারতীয় বোলাররা এদিন অনেক চেষ্টার পরও ভারতের পক্ষে ম্যাচ আনতে পারেনি। দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয় আর তার সাথে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের জন্য টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রইলো বিরাট বাহিনীর। 

চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার অপরাজিত ব্যাটসম্যান কিগান পিটারসেন ও রাশি ভ্যান ডার দুসেন ব্যাট করতে আসেন। পিটারসেন এই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। পিটারসেন ১১৩ বলে ১০ টি চারের সাহায্যে করেন মূল্যবান ৮২ রান। পিটারসেন এই ইনিংসেও তার শতরান পূর্ণ করতে পারলেন না। পিটারসেনকে আউট করেন শার্দুল ঠাকুর। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন টেম্বা বাভূমা। দুসেন আর বাভূমা মিলে দক্ষিণ আফ্রিকার শিবিরে জয় নিয়ে আসেন। এইদিন আর কোনো উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা। দুসেন আর বাভূমা মিলে ভারতীয় বোলারদের ভালোই খেলেছে। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৬৩.৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২১২ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। দুসেন ৪১ রান করে আর বাভূমা ৩২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। 

প্রশংসার দাবি রাখে ডিন এলগার এর দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে ভারতের কাছে হারের পরও অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সিরিজ জয় করলো তারা। জোহানেসবার্গ এ দ্বিতীয় টেস্টে ও কেপ টাউনে তৃতীয় টেস্টে প্রায় অনায়াসেই ভারতকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিং এর জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কিগান পিটারসেনকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে কিগান পিটারসেনকে 'প্লেয়ার অফ দ্যা সিরিজ' ও নির্বাচিত করা হয়েছে।