BREAKING

Friday, 21 January 2022

বাউড়িয়ায় বহুতল থেকে প্রেমিককে ফেলে খুন করার অভিযোগ উঠলো প্রেমিকার বিরুদ্ধে


নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: বহুতল থেকে ফেলে দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বাউড়িয়ায়। জানা গেছে বুধবার রাতে বাউড়িয়ার বুড়িখালির একটি আবাসনের উপর থেকে নিচে পড়ে যায় বছর ৩০ এর এক যুবক। আর এঘটনা জেরে ওই আবাসন চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। পরে ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌছায় বাউড়িয়া থানার পুলিশ। তারাই মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
জানা গেছে মৃত ওই যুবকের নাম শশীকান্ত মালিক বয়স আনুমানিক ৩০ বছর বাড়ি উলুবেড়িয়ার রাজাপুরে। এদিকে এঘটনার পর মৃতের পরিবারের দাবি তাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে। আর এর পরেই মৃত শশীকান্তের স্ত্রী মামণি মালিক লিখিত অভিযোগ দায়েক করে বাউড়িয়া থানায়। আর তার অভিযোগের ভিত্তিতেই মূল অভিযুক্ত বার ডান্সার কেয়া সরকার ওরফে টিনাকে গ্রেপ্তার করেছে বাউড়িয়া থানার পুলিশ।

এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই যুবতি অঙ্কুরহাটির একটি বারে ডান্সারের কাজ করতো। তার বাড়ি হুগলীতে বলে জানা গেছে। এদিকে ওই বারেই গান গাইতো মৃত শশীকান্ত। আর কাজের সেই সুবাদেই বছর খানেক আগে শশীকান্তের সঙ্গে পরিচয় হয় কেয়ার। আর এর পরেই তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের পাশাপাশি বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর তার পর থেকেই নিজের স্ত্রীকে ছেড়ে প্রেমিকাকে নিয়ে বাউড়িয়ার বুড়িখালির ওই আবাসনে তারা থাকতে শুরু করে বলে জানা গেছে। আর তার পরেই বুধবার রাতে এমন মর্মান্তিক পরিণতি।

এদিকে গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাউড়িয়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ইট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ঘটনাস্থলটিকেও। এদিকে সূত্রের খবর ধৃত ওই মহিলাকে আজ বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে বিচারক তাকে দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা যায়।