নিজেস্ব সংবাদদাতা, হাওড়া: নবান্নের সামনে দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকরি রাস্তায় গতকাল শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ছাই বোঝাই কন্টেনার। আর সেই কন্টেনারের নিচে চাপা পড়ে যায় এক নিরীহ পথচারী। আর এঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যায় ওই রাস্তায় কর্মরত পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের দল ও দমকল কর্মীদেরও। প্রাথমিক ভাবে আটকে পড়া ওই ব্যক্তিকে উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ কর্মীরা। পরে এসে পৌছায় তিনটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন।
কিন্তু ছাই বোঝাই ওই কন্টেনারটিকে তুলতে বেগ পেতে হয় ক্রেন গুলিকে। অবশেষে প্রশাসনের চেষ্টায় কন্টেনারের নিচে আটকে পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে সপ্তাহে শেষ কাজের দিন নবান্নের সামনে দ্বিতীয় হুগলী সেতুর রাস্তায় এমন দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় দ্বিতীয় হুগলী সেতুতে।
আর এমন দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠছে নবান্নের মতো জায়গায় এমন দুর্ঘটনার পরে, আহত ওই ব্যক্তিকে উদ্ধার করতে এতো সময় লাগলো কিভাবে। এদিকে দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম পরিচয় এখনো কিছুই জানা যায়নি।