নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়া: হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চামরাইলে ভয়াবহ আগ্নিকান্ড। আর তার জেরেই গোটা এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। জানা গেছে সোমবার সন্ধ্যা ৬.৩০ নাগাদ আগুন লাগে চামরাইলের পাওয়ার হাউস সংলগ্ন একটি মোম কারখানায়। এদিকে মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় লিলুয়া থানার পুলিশ। পৌছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রাথমিক ভাবে তারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তা সম্ভব না হওয়ায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের আরও চারটি ইঞ্জিন। মোট দমকলের সাতটি গাড়ির সাহায্যে ওই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা। তবে কারখানার মধ্য অতি দাহ্য পদার্থ থাকায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
এদিকে ওই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানা সংলগ্ন ওই পাওয়ার হাউসটি। পাশাপাশি প্রায় ভষ্যিভুত হয়ে গেছে ওই মোম কারখানাটি। তবে আহত বা হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি।
প্রাথমিক ভাবে দমকলের অনুমান সম্ভবত শট সার্কিট থেকেই লেগেছে এই আগুন। কিন্তু দাহ্যপদার্থ মজুত থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন।
এদিকে আগুন লাগার জেরে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলা গাড়ির গতিও কিছুটা শ্লথ হয়ে যায়। পাশাপাশি স্থানীয় মানুষদের অভিযোগ, জাতীয় সড়কের ধারে গড়ে উঠেছে প্রচুর কারখানা। কিন্তু তার অধিকাংশেরই নেই কোন অগ্নিনির্বাপক ব্যাবস্থা। ফলে কোন কারণে আগুন লাগলে তা বিধ্বংসী রূপ ধারণ করেছে মুহূর্তের মধ্যে।