নিজস্ব প্রতিবেদন, হাওড়া: মঙ্গলবার সকালে এলকার ডোবা থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ, ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে, ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই থানা ঘেরাও কর্মসূচি। জোয়ারগড়ির পালোরা জমাদার পাড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রী খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার উলুবেড়িয়ার রাজাপুর থানার সামনে বিক্ষোভ দেখল সিপিএমের গণ সংগঠন গুলি। মূলত এঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাজাপুর থানার সামনে বিক্ষোভে সামিল হয় তারা। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএমের গণসংগঠন গুলির জেলা ও ব্লক নেতৃত্ব। পাশাপাশি এদিনের এই বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৃত ওই কিশোরীর পরিবারের সদস্যরাও। এদিকে এদিনের এই বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি উপলক্ষ্যে বৃহস্পতিবার কড়া পুলিশী পাহারায় মুরে ফেলা হয় গোটা রাজাপুর থানা চত্বর।
এদিকে বিক্ষোভের পরে রাজাপুর থানায় বিক্ষোভ কারীদের মধ্যে থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল যায় স্মারকলিপি প্রদানে। যে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, তার মধ্যে ছিলেন সিপিএম নেত্রী দুলু দাস, অপর্ণা পুরকাইত, সালমা বেগম, শেখ জাহাঙ্গীর ও আইনজীবী ইমতিয়াজ আহমেদ। পরে স্মারকলিপি প্রদান শেষে বলেন, নাবালিকা খুনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, মৃত নাবালিকার পরিবার ও ওই গ্রামের নাগরিকদের নিরাপত্তা, এলাকায় অসামাজিক কাজকর্ম বন্ধ করা সহ একাধিক দাবিতে এদিন তারা স্মারকলিপি দেয় থানায়। পাশাপাশি তারা আরো বলেন, এদিনের এই স্মারকলিপির পর পুলিশ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বামেরা।