BREAKING

Monday, 28 March 2022

চামরাইলে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত এক, আহত বহু


অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হলো একাধিক ব্যক্তি। আহতরা হাওড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। জানা গেছে এদিন আরামবাগ থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। আর ঠিক সেই সময় হাওড়ার চামরাইলের জয়পুরের কাছে একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এমন দুর্ঘটনা।

আর এঘটনার জেরে বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হয় বলে জানা গেছে। এদিকে বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌছায় হাওড়ার লিলুয়া থানার পুলিশ। পরে পুলিশ আহতদের উদ্ধার করে ১০ জনকে হাওড়া হাসপাতালে ও বাকি ১৫ জন যাত্রীকে হাওড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বলে সূত্রের খবর। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুর্ঘটনায় আহত এক যাত্রীকে  মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গেছে মৃত ওই বাস যাত্রীর নাম মফিজুল হাজারী বয়স আনুমানিক ৩০ বছর।

এদিকে এঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পরে পুলিশের পক্ষ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ডাম্পার ও দুর্ঘটনাগ্রস্থ ওই বাসটিকে। এদিকে এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কের চামরাইলে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।