রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর: এবার ইন্টারলান পরীক্ষা বয়কট করলো নজরুল সেন্টেনারী পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার ওই কলেজের সামনে বসে পরীক্ষা বয়কটের বোর্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ওই পলিটেকনিকের ছাত্র ছাত্রীরা। মূলত তাদের একটাই দাবি, পরীক্ষা নেওয়া হোক অনলাইনে। না হলে তাদের সিলেবাস শেষ করে অফলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করা হোক।
আর তা নাহলে তারা কেউ পরীক্ষা দেবে না বলে এদিন দাবি করেন ওই পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা। আর এই প্রসঙ্গেই এদিন ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রী বর্ষা বাউরি বলেন, করোনা কালে যখন অনলাইনে ক্লাস হচ্ছিল। তখন হঠাৎ করে জানানো হয় যে আমাদের অফলাইনে মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
আর তা জানার পরেই প্রধান শিক্ষকের একটি লিখিত আবেদন জমা দিই আমরা। তাতে আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা আমরা জানাই কলেজ কর্তৃপক্ষকে। কিন্তু তাতে কোন লাভ হয়নি।
পাশাপাশি ওই ছাত্রী এদিন আরও বলেন, সিলেবাস শেষ না করেই কি ভাবে অফলাইনে পরীক্ষা দিবো। আর দিলেও পরীক্ষায় কি লিখবো। পাশাপাশি প্রাক্টিক্যাল ক্লাস ঠিক মত হয়নি আর প্রাক্টিক্যাল হলো আমাদের সব।তাই আজ থেকে আমরা মানে সব প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এবং আগামী পরশু থেকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করলাম। এদিকে পরীক্ষা বয়কটের একটি লিখিত স্মারকলিপিও তারা প্রধান শিক্ষকের হাতে তারা তুলে দেয়।
এই প্রসঙ্গে এদিন ওই কলেজের প্রধান শিক্ষক ডাক্তার মহম্মদ ফারুক আলি বলেন, ছাত্র ছাত্রীদের সমস্যার কথা এর আগেও আমি উচ্চ আধিকারিকদের কাছে জানিয়েছিলাম। আজ আমাদের তরফে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়। কিন্তু আজ থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করে। পাশাপাশি তিনি বলেন, তাদের কাছ থেকে আমার কাছে একটা লিখিত দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমি উচ্চতম সব আধিকারিকদের জানাবো।