নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া : বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ৫০ তম শরৎ মেলা। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে এই মেলা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা সেই সময় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল শরৎ মেলা কমিটি।
মূলত গ্রামীণ হাওড়ার বাগনানের দেউলটি পানিত্রাস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কথা শিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সপ্তাহ ব্যাপী এই মেলা। উল্লেখ্য শরৎ মেলা কমিটি ও শরৎ গ্রন্থাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেলা।
এদিকে ৫০ তম শরৎ মেলা উপলক্ষে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কথা শিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড়ের বসত বাড়িটি। পাশাপাশি মেলা উপলক্ষে সুন্দর আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা।
আর বৃহস্পতিবার ছিল ৫০ তম শরৎ মেলার শুভ সূচনা। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। রাজ্যের আর এক মন্ত্রী হুমায়ুন কবির, ৫০ তম শরৎ মেলা কমিটির প্রধান উপদেষ্টা তথা আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সভাপতি কাবেরী দাস, সহ সভাপতি অজয় ভট্টাচার্য, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপুত্র জয় চট্টোপাধ্যায়, মেলা কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে মেলা উপলক্ষে এদিন গোটা এলাকায় শোভাযাত্রা করে অসংখ্য ঢাকি। তাদের ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে চলে আদিবাসী নিত্যও
এদিকে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৫০ তম শরৎ মেলা চলবে আগামী ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত। পানিত্রাস হাই স্কুল মাঠে। পাশাপাশি মেলা উপলক্ষে সাত দিন ধরে থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নানা ধরনের প্রদর্শনীও।