BREAKING

Tuesday, 28 December 2021

Breaking/ Kultali Tiger: অবশেষে আটক কুলতলীর বাঘ বাবাজি


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: গত ছয় দিন ধরে লুকোচুরি চালানোর পর অবশেষে বন দপ্তরের কর্মীরা ঘুম পাড়ানি গুলিতে কাবু করতে সক্ষম হলো কুলতলীর জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারকে। গত ছয় দিন ধরে সে কুলতুলির ডোঙাজোড়া গ্রামের মধ্যে অবস্থিত শেখ পাড়ার জঙ্গলে লুকিয়ে থাকে সারা এলাকা দাপিয়ে বেড়ায় সে। পরে স্থানীয় এক গ্রামবাসীকেও আহত করে রয়্যাল বেঙ্গলটি। আর তাকে ধরার জন্য একাধিক পদক্ষেপ নেয় বনদপ্তর। তাদের পক্ষ থেকে দু’‌টি খাঁচা পাতা হয় শেখ পাড়ার ওই জঙ্গলের মধ্যে। শুধু তাই নয় বাঘের খাবারের টোপ হিসাবে ওই খাঁচার মধ্যে রাখা হয় ছাগলকেও। পাশাপাশি বাঘ যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে তার জন্য শেখ পাড়ার জঙ্গলকে ঘিরে দেওয়া হয় জাল দিয়েও। বাঘ ধরতে রাত্রির ১০ টার পর সমস্ত গ্রামে নিভিয়ে দেওয়া হয় আলো। কিন্তু তার পরেও লুকোচুরি খেলছিল সে।
এদিকে সোমবার বিকেল থেকেই জঙ্গলে লুকিয়ে থাকা ওই বাঘটির সন্ধানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল বন কর্মীরা। পাশাপাশি সোমবার রাতভর জঙ্গলে তার সন্ধানে অভিযান চালান বন কর্মীরা। এদিকে সূত্রের খবর মঙ্গলবার সকালে স্থানীয় পিয়ালি নদী থেকে দমকল কর্মীরা ওই জঙ্গলের মধ্যে জল স্প্রে করে ভিজিয়ে দেয় জঙ্গলটিকে। তারাই জল দিয়ে সরানোর চেষ্টা করে বাঘটিকে। পরে বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলের মধ্যে ছোড়া হয় বাজি।

আর এর পরেই ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে বন দপ্তরের কর্মীরা। সেখানে বাঘের গতিবিধির উপর নজর চালায় বন বিভাগের কর্মীরা। আর তার পরেই সেই বাঘটিকে লক্ষ্য করে ছোড়া হয় ঘুমপাড়ানি গুলি। জানা গেছে প্রায় দুটি ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় ওই বাঘটিকে। আর এর পরেই বাঘটিকে খাঁচা বন্দি করতে সক্ষম হয় বন কর্মীরা।
এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে খাঁচা বন্দির পর বাঘটিকে নিয়ে যাওয়া হবে ঝরখালীতে অবস্থিত বাঘ চিকিৎসা কেন্দ্রে। সেখানেই বাঘটিকে শারীরিক ভাবে পরীক্ষা করে দেখবে চিকিৎসকেরা। কারণ গত পাঁচ দিন ধরে অভুক্ত অবস্থায় শেখ পাড়ার জঙ্গল দাপিয়ে বেরিয়েছে ওই বাঘ। আর তাই তার শরীরের দিকে বিশেষ খেয়াল রাখা হবে বলে খবর। আর তার শারীরিক পরীক্ষার পর বাঘটিকে চিকিৎসকেরা ফিট সার্টিফিকেট দিলেই বাঘটিকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেবে বন দপ্তর।